নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম
ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের উন্নত রোগনির্ণয় ও চিকিৎসাসেবা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে আরও পাঁচটি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সুনামগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, পটুয়াখালী এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন এসব ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) ২০৩০ সালের জুনের মধ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে চার বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা, যা বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, বিশেষায়িত ক্যানসার চিকিৎসা রাজধানীর বাইরে নিয়ে আসার পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত। ক্যানসার রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায় সাধারণ মানুষকে যাতে কেবল চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়, সেই লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে সেবা বিকেন্দ্রীকরণ করা হচ্ছে।
নতুন ইনমাসগুলোতে পিইটি-সিটি (PET-CT), স্পেক্ট-সিটি (SPECT-CT), বোন মিনারেল ডেনসিটি (BMD), ফোর-ডি আলট্রাসাউন্ড ও থাইরয়েড স্ক্যানারের মতো আধুনিক প্রযুক্তি স্থাপন করা হবে। এর মাধ্যমে থাইরয়েড, কিডনি, যকৃৎ, হৃদযন্ত্র ও ক্যানসারের উন্নত নির্ণয় ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত সম্ভব হবে। পাশাপাশি এগুলো চিকিৎসা বিষয়ক গবেষণা ও দক্ষ জনবল তৈরিতেও কাজ করবে।
বর্তমানে দেশে চালু থাকা ২২টি ইনমাসের সঙ্গে নতুন এই ৫টি যুক্ত হলে প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ অঞ্চলেই আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার মেডিসিন সেবা পাবে। এতে ঢাকাকেন্দ্রিক স্বাস্থ্যসেবার ওপর চাপ কমবে এবং গ্রামীণ মানুষের চিকিৎসায় নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।







