নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে বাল্যবিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার, ১৯ অক্টোবর রাজধানীর আলোক অডিটোরিয়ামে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ) আয়োজিত অনুষ্ঠানে এ দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইউনিসেফ ও বিবিএস-এর জরিপ উদ্ধৃত করে জানানো হয়, দেশে ২০-২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশেরই বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। এছাড়া প্রাথমিকে শিক্ষার হার ৯১.৩ শতাংশ হলেও উচ্চমাধ্যমিকে তা কমে দাঁড়ায় মাত্র ৪১.১ শতাংশে।
এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বাল্যবিবাহ মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। দারিদ্র্য ও সামাজিক নিরাপত্তার অভাবে পরিবারগুলো মেয়েদের দ্রুত বিয়ে দিচ্ছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া কন্যাশিশুরা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে নানা বৈষম্যের চিত্র তুলে ধরে। তারা জানায়, মানসিকভাবে পরিণত হওয়ার আগেই মেয়েদের ওপর সংসার ও সন্তানের চাপ দেওয়া হয়। পাশাপাশি খেলাধুলা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ছেলেরা বেশি সুযোগ পায়। তারা কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা, ডিজিটাল দক্ষতা এবং স্বাবলম্বী হওয়ার পথে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেয়।







