October 29, 2026 2:56 am
■
October 29, 2026 2:56 am

ড. ইউনূসকে নিউইয়র্কে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, নিউজ পিটিবি ডটকম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসকে বিমানবন্দরে হেনস্তার ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের ঘটনা শুধু ড. ইউনূসের ক্ষেত্রেই ঘটেনি; সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং কয়েকজন ছাত্র সমন্বয়কও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, এগুলো প্রেসার গ্রুপের কাজ নয়, এগুলো আওয়ামী সন্ত্রাস।

আমরা এভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করতে চাই। এসব ঘটনার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এসময় তারা ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর এ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পরে সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার চায়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন এবং তার নামে হওয়া মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন। এ জন্যই ভারতকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে সরকারের কোনো সমস্যা নেই। বরং তার বিরুদ্ধে উত্থাপিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ড. ইউনূসসহ জুলাই আন্দোলন ও সাবেক অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হেনস্তার ঘটনা নিয়ে কিছু গণমাধ্যমের সংবাদ উপস্থাপনার ধরন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণমাধ্যমের প্রতিবেদন ও উপস্থাপনার বিষয়গুলো মন্ত্রণালয়ের নজরে রয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বিশ্ববরেণ্য সমাজসেবক ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর তিনি ক্ষুদ্রঋণ মডেলের ধারণা বিকাশ শুরু করেন।

খবরটি শেয়ার করতে নিচের বোতামগুলিতে ক্লিক করুন।

আরও খবর